পদত্যাগের পরপরই নির্বাচন করতে চান এনজিও নেতারা
এনজিও কর্মকর্তাদের ক্ষেত্রে সংস্থা থেকে পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়েছেন শীর্ষস্থানীয় এনজিও নেতারা। এ জন্য নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিধিমালা সংশোধনেরও প্রস্তাব দিয়েছেন তারা।
শনিবার রাজধানীর ধানমন্ডির উইমেন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয় ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভা।
সভাচলাকালে ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইব্রাহীম সাংবাদিকদের বলেন, এনজিও কর্মকর্তারা নির্বাচন করতে চাইলে যাতে তিন বছর অপেক্ষা না করে সংস্থা থেকে পদত্যাগ করেই নির্বাচন করতে পারেন সেজন্য নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিধিমালা সংশোধন করা দরকার। প্রস্তাবিত নিয়ম সরকারি কর্মকর্তাদের জন্য ঠিক হলেও এনজিও কর্মকর্তাদের জন্য যুক্তিযুক্ত মনে করছি না আমরা।
নোবেল বিজয়ী ড. ইউনূসের ভাই এ এনজিও নেতা বলেন, সরকারি কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি এনজিও কর্মকর্তাদের অবসরের তিন বছর পর নির্বাচনে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তাদের মতো ক্ষমতা ও প্রভাব তো এনজিও কর্মকর্তাদের থাকে না। তারা দরিদ্র মানুষের জন্য কাজ করেন। এ নিয়ম থাকলে দরিদ্রদের জন্য যিনি কাজ করেন, তিনি হয়তো আর কাজ করতে চাইবেন না।
ড. ইব্রাহীম তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করে বলেন, এর মধ্য দিয়ে দেশে সুশাসন এবং সত্যিকার গণতন্ত্রের আবহাওয়া ফিরে আসবে বলে আশা করছি।
এ প্রসঙ্গে এনজিওগুলোর ওই ফোরামের ভাইস চেয়ারম্যান আবুল হাসিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনজিও কর্মকর্তাদের ক্ষেত্রে পদত্যাগ করেই নির্বাচনে অংগ্রহণ এবং রাজনৈতিক দল গঠন করার বিধান রাখা উচিত।
তার মতে, সরকার, সামরিক বাহিনী এবং এনজিও এক নয়। সরকারি কর্মকর্তারা যে সব সুবিধা পান, এনজিও কর্মকর্তারা তা পান না।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির পরিচালক এম তাজুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল হক এবং ঢাকা জেলা কমিটির সদস্যরা। সভাপতিত্ব করেন ঢাকা জেলা কমিটির সভাপতি ফখরুল ফেরদৌস।
