সাবেক আওয়ামী লীগ সাংসদ রফিকুল আনোয়ার গ্রেপ্তার
ফটিকছড়ি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সাংসদ (চট্টগ্রাম-৪) রফিকুল আনোয়ারকে শুক্রবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
রাত পৌনে দুইটায় বনানীর সি কুইন হোটেলের চতুর্থ তলায় ১১০ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার উপপরিদর্শক ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সি কুইন হোটেল থেকে রফিকুল আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর রফিকুল আনোয়ারকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) বশির আহমেদ বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল আনোয়ারকে ক্যান্টনমেন্ট থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
