ঝির ঝির বৃষ্টির পর সূর্যের হাসিতে ঝলমল রাজধানী
সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। কিছু সময় না যেতেই আকাশ কালো করে ঝির ঝির বৃষ্টিতে নাকাল হয়ে যায় রাজধানীবাসী। ছুটির দিনে সপরিবারে বেরিয়ে পড়া লোকজনকে পড়তে হয় সবচেয়ে বেশি বিপাকে।
রিকশার হুড তুলে, ছাতা খাটিয়েও শেষ রক্ষা হচ্ছিল না কিছুতেই। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশেই দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশেই কালবৈশাখী ঝড়ো হাওয়া বইছে। নদী ও সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্য জানান দেয় উপস্থিতি।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে করে বিকালে কোথাও কোথাও দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হতে পারে।
তিনি জানান, বিকালে দেশের কোনও কোনও অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। খুলনা বিভাগে ঝড় ও বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবারেও আবহাওয়া অপরিবর্তিত থাকবে। রোববার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
