কুড়িগ্রামে অস্ত্র, ত্রাণের শাড়ি ও ক্রিকেট খেলার সরঞ্জামাদি উদ্ধার
জেলার মুন্সিপাড়ার দুটি বাড়িতে শুক্রবার সকালে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি রিভলবার, ত্রাণের শাড়ি এবং অনুদানের বিপুল পরিমাণ ক্রিকেট খেলার সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় চার ব্যক্তিকেও আটক করেছে তারা।
আটককৃতরা হলেন লায়ন (২৮), সহিদুর (৪৫), আমিনুর (৩২) এবং ইমরান (৪২)।
কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর নূরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মেজর নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে সকাল সাতটায় যৌথবাহিনী এ অভিযান চালিয়ে জনৈক লালমিয়ার বাড়ি থেকে ত্রাণের ৬৯ পিস শাড়ি, ১৬টি কম্বল, ১৫টি ক্রিকেট প্যাড, ১৬টি স্ট্যাম্প, দুইটি ব্যাট, ছয়টি হেলমেট, দুইটি ফুটবল, ১৭টি গার্ড, ১৭টি বল ও একটি হকিস্টিক উদ্ধার করে। একইসঙ্গে ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবারও উদ্ধার করা হয়।
