২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ ইস্কান্দারের বাড়িতে রাতে খেলেন খালেদা

কথিত বন্দীদশা থেকে মুক্তির পর খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে ছোট ভাই সাঈদ ইস্কান্দারের বাড়ি থেকে বের হয়ে বলেছেন, “আমি ভালো আছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 02:29 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ভাইয়ের বাড়িতে খাবার সেরে রাত ১২ টা ২৭ মিনিটে খালেদা বেরিয়ে আসার পর অপেক্ষমান সাংবাদিকরা তাঁর কিছু বলার আছে কিনা জানতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী আর কিছু বলেননি। পরে তিনি পুত্রবধু জোবাইদা রহমানকে একই গাড়িতে নিয়ে ক্যান্টনমেন্টের বাসভবনের উদ্দেশে রওনা হন।

খালেদা জিয়া বারিধারা ছাড়ার আগে রাত ১২ টা ২০ মিনিটে সাঈদ ইস্কান্দার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

খালেদা জিয়ার ওপর বর্তমানে কোন চাপ আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “তার ওপর চাপ আছে, না উঠে গেছে তা আমরা নিশ্চিত না।”

তিনি বলেন, “আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) বোনের বাসায় ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা আমাকে বাধা দেন। চাপ উঠে গেলে বাধা দেবে কেন?”

তিনি আরো বলেন, “সরকার গতকাল প্রেসনোট দিয়ে বলেছে তার চলাচলের উপর কোন বাধা নেই। কিন্তু আমরা প্রেসনোটের কোন বাস্তবায়ন দেখতে পারছি না।”

বিএনপি চেয়ারপারসনের ওমরা হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার কথা নিয়ে প্রশ্ন করা হলে ইস্কান্দার বলেন, “ভিসা পেলেই তিনি সপরিবারে ওমরাহ পালন করতে যাবেন। আগামী দুই দিন সরকারী ছুটির পর তিনি ভিসার জন্য আবেদন করবেন ” (বিস্তারিত)

দীর্ঘদিন সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িতে কথিত গৃহবন্দী অবস্থায় থাকার পর খালেদা জিয়া রাত ৯ টা ৪২ মিনিটে সাঈদ ইস্কান্দারের বারিধারার বাড়িতে যান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দলীয় পতাকা লাগানো একটি গাড়িতে (ঢাকা মেট্রো-গ-১১-৭৩৯২) চড়ে সাবেক প্রধানমন্ত্রী তার ছোট ভাইয়ের বাড়িতে যান। এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য সাঈদ ইস্কান্দারের বাড়ির সামনে ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ তিন নাতনি। এ সময় সাঈদ ইস্কান্দারের বাড়িতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ছাড়াও দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মাওলানা বিন মোহাম্মদ কাশেমী এবং সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী উপস্থিত ছিলেন।

বুধবার খালেদা জিয়ার চলাফেরার ব্যাপারে কোনো বিধি নিষেধ আরোপ করা হয়নি বলে সরকারের প্রেস নোট জারির পর খালেদা জিয়া ১ এপ্রিলের পর প্রকাশ্যে প্রথমবারের মতো বাড়ির বাইরে গেলেন। কয়েকদিন আগে গোপনে তিনি সেনানিবাসের একটি স্থানে কারাবন্দী বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়া সাঈদ ইস্কান্দারের বাড়িধারার ১২ নম্বর সড়কের ২ নম্বর বাসায় এসে পৌঁছলে সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরীন ইস্কান্দার গাড়ি থেকে তাকে বাসার ভেতর নিয়ে আসেন।

খালেদা জিয়া এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বললেও হাসি মুখে শুভেচ্ছা জানান।

এর আগে শহীদ মইনুল সড়কের বাসভবনে বৃহস্পতিবার বিকেলে দলের নেত্রী সেলিমা রহমান, সাবেক মহিলা সাংসদ সুলতানা আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর নেতা হাবিবুর রহমান চৌধুরী ববি প্রমুখ নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।