নৌ বন্দরগুলোতে দুই নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত
সমুদ্র বন্দরগুলো থেকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তুলে নেওয়া হয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে এর আগে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর আশঙ্কায় পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট এলাকার নৌ বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
