২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম আরও তিন দিনের রিমান্ডে

গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই ভোলা-২ আসনে বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে আরও একটি মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

কাইনুর বেগম নামের এক আওয়ামী লীগ সমর্থক তার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে দৌলতখান থানায় মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার হাফিজ ইব্রাহিমকে ভোলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র দাসের আদালতে হাজির করে চারটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তারা।

আদালত কাইনুর বেগমের দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর একটি মামলায় একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বাকি দুটি রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন তিনি।

ভোলা-২ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা গত ১৫ থেকে ২০ মার্চের মধ্যে দৌলতখান থানায় মামলাগুলো দায়ের করে।

কাইনুর বেগমের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনের পর বিজয়ী সাংসদ হাফিজ ইব্রাহিমের নির্দেশে তার দলের সন্ত্রাসীরা কাইনুর বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে মারধর এবং বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালায়। কাইনুর বেগম আওয়ামী লীগের সমর্থক হওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অন্য তিন মামলার বাদী মফিজুল ইসলাম সোহাগ, সহিদুল ইসলাম ব্যাপারী এবং মো. ইউনুছও তাদের আরজিতে একই ধরনের অভিযোগ আনেন।

এর আগে সাতটি মামলায় হাফিজ ইব্রাহিমকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোজাম্মেল হক ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।