২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম. খা. আলমগীর, মীর নাছির ও আমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন

আওয়ামী লীগ নেতা মহীউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও আমানউল্লাহ আমানসহ পাঁচ জনের বিরুদ্ধে রোববার অভিযোগপত্র দেবে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন,“চার্জশিট প্রায় তৈরি হয়েছে গেছে। একটু আনুষ্ঠানিকতা বাকি আছে, তাও রোববার শেষ হয়ে যাবে বলে আশা করছি।”

গত ৬ মার্চ কমিশনর কর্মকর্তারা তেজগাঁও থানায় মহীউদ্দিন খান আলমগীর, কাফরুল থানায় মীর মো. নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলাল উদ্দিন, গুলশান থানায় আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেন। এই পাঁচজনকে অভিযুক্ত করেই রোববার অভিযোগপত্র দাখিল করতে চাইছে কমিশন।

কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শেষ মুহূর্তে অভিযোগপত্রে কিছু ত্রুটি পাওয়া গেছে। এজন্য বৃহস্পতিবার কমিশনের নিজস্ব আইনজীবীর পরামর্শ নেওয়া হয়েছে।

কমিশন সূত্র জানায়, মীর নাছির ও তার ছেলের ৩ কোটি ২২ লাখ ১১ হাজার টাকার হিসাব বহির্ভুত সম্পত্তি পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক শারমিন ফেরদৌস এ ব্যাপারে বাদী হয়ে এজাহার দায়ের করেন।

অন্যদিকে, আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ চেষ্টা ও অসত্য তথ্য প্রদানের অভিযোগ আনে কমিশন। একইসঙ্গে তাদের ৮ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ২শ ৩২ টাকার হিসাব বহির্ভুত সম্পত্তি থাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে এ ব্যাপারে মামলা দায়ের করেন।

এছাড়া মহীউদ্দিন খান আলমগীর তার নামে থাকা ৬ কোটি ১৭ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কথা উল্লেখ করেননি কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে। এ কারণে তদন্ত কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় তার বিরুদ্ধে মামলা করেছেন।