২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে

লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে আগামী ৩০ এপ্রিল ধার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নাজমুল হুদার আইনজীবী রজ্জব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে তাকে কারাগার থেকে হাইকোর্টের ডিটেনশন বেঞ্চে বিচারপতি মো. আব্দুল মতিনের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির করা হয়েছে। এজন্য ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল আদালতে তাকে না নেওয়ায় বিচারক মো. মমিনউল্লাহ নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও গ্রহণ করতে পারেননি।”

আইনজীবী রজ্জব হোসেন অস্ত্র মামলায় হুদার অব্যাহতি চেয়ে আবেদন করলে বিচারক ৩০ এপ্রিল এর ওপর শুনানির দিন ধার্য করেন।

ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে পয়েন্ট ৩২ ধারায় বোরের রিভলভার ও ১৪ রাউন্ড গুলি রাখার অপরাধে গত ৮ মার্চ ধানমন্ডি থানায় মামলা করেন ওই থানার পুলিশের উপ পরিদর্শক এ কে এম মঞ্জুরুল হক।

নাজমুল হুদাকে গত ৫ ফেব্রুয়ারি জরুরি ক্ষমতা আইনে ও গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতি মামলায় গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে কারাগারে পাঠানো হয়। ১১ মার্চ তাকে অস্ত্র আইনের দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।