কিশোরগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জ-ভৈরব সড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কটিয়াদীর আচমিতায় সিলেট থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে কটিয়াদী থেকে আসা ইগলু কোম্পানীর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে পিকআপের দুজন মারা যান। তাদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মনজরুল হক (২৫) ও প্রিন্স (২৮) নামের দুই বাসযাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কটিয়াদী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আবদুল লতিফ জানান, দুর্ঘটনার পরপরই গাড়ি দুটির চালক পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে।
