২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন অযোগ্য ধারার মামলায় জামিন পেলেন দুইজন

দেশে জরুরি আইন জারি থাকা অবস্থায় চাঁদাবাজি ও জমি আত্মসাতের অভিযোগে জামিন অযোগ্য ধারায় দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছেন শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও গৌরাঙ্গ সরকার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 07:41 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার দুপুরে ঢাকা প্রথম শ্রেণীর হাকিম মোতাহার হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

১২ এপ্রিল ঢাকার আশুলিয়া এলাকার নরসিংহপুর গ্রামের হরিপদ ঘোষ ও কাদির খাঁ আশুলিয়া থানায় শারমিন গ্রুপের মালিকসহ ওই গ্রামের ৭ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।

একই দিনে পুলিশ ইসমাইল হোসেন ও গৌরাঙ্গ সরকারকে গ্রেপ্তার করে এবং পরদিন ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ দুটি মামলার অভিযোগে বলা হয়, আসামিরা জাল দলিল বানিয়ে বাদীদের জমিতে অনধিকার প্রবেশ করে এবং তাদের মারধর ও চাঁদা দাবি করে।

এই জামিন দেওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলনের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরুরি আইন জারি থাকায় গত কিছুদিন ধরে এ ধরনের মামলায় জামিন দেওয়া হচ্ছে না। এ অবস্থায় এ দুটি মামলায় জামিন দেওয়ার বিষয়টি একটু অস্বাভাবিক।”

তবে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামিরা এ অবস্থার মধ্যেও জামিন পেতে পারেন। কারণ বাদী ও অভিযুক্তদের মধ্যে এ জমি নিয়ে দেওয়ানী মামলা রয়েছে। এই চাঁদাবাজী মামলা ছিল আসামীদের বিরুদ্ধে একটি পাল্টা মামলা। ম্যাজিস্ট্রট এ বিষয়টির উল্লেখ করেই জামিন দিয়েছেন।

মামলা দুটির অন্য আসামিরা হচ্ছেন রণজিৎ নাগ, প্রাণতোষ নাগ, সুভাষ সরকার, আলী হোসেন ও ইব্রাহীম কাজী।

আদালতে ইসমাইল হোসেন ও গৌরাঙ্গ সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী ও এ্যাডভোকেট আসাদুজ্জামান।