স্বাভাবিক হয়ে আসছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের অবস্থা
কালবৈশাখী ঝড়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে দুটি ফেরি আটকে পড়ায় এবং দৌলতদিয়া ঘাটের তিনটি পন্টুনের মধ্যে দুটিই একসঙ্গে অকেজো হয়ে পড়ায় নাজুক হয়ে পড়েছিল পুরো পরিস্থিতি।
এর ফলে দুই পাড়ে দীর্ঘ যানজটে পড়ে নাকাল হতে হয়েছে দূরপাল্লার যাত্রীদের। বুধবার দুপুরে ফেরি দুটি উদ্ধারের পর এবং দুটি অকেজো পন্টুনের একটি মেরামত করায় বিকেলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, একটি মাত্র পন্টুন দিয়ে যানবাহন উঠানামা করায় দৌলতদিয়া ফেরিঘাটে কমপক্ষে এক হাজার যানবাহন আটকা পড়ে। এগুলোর মধ্যে বেশির ভাগই মালবাহী ট্রাক।
দৌলতদিয়া বিআইডব্লিউটিএ এর ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার জানান, আটকে পড়া ট্রাকের মধ্যে সোমবারের প্রায় ১শ, মঙ্গলবারের ৬৩০টি এবং বুধবার বিকেল ৩টা পর্যন্ত প্রায় আড়াইশ ট্রাক টার্মিনাল থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত তিন কিলোমিটার মহাসড়কের ওপর লাইন দিয়ে অপেক্ষা করে পারাপারের।
জানা গেছে, ঝড়ের কারণে সোমবার সন্ধ্যা থেকে রাত ১০ টা এবং পরদিন রাতে একই কারণে প্রায় ২ ঘন্টা ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এবং মাঝ নদীতে দুটি ফেরি চরে আটকে পাড়ায় স্বাভাবিক চলাচলে এই বিপর্যয় দেখা দেয়।
পাটুরিয়া বিআইডব্লিউটিএ এর উপ মহাব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, দুপুরে একটি পন্টুন মেরামত করে তা দিয়েই পারাপারের কাজ শুরু হয়। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, দীর্ঘ ১৪ ঘন্টা আটকে থাকার পর পাঁচ শতাধিক যাত্রী, বাস ও পণ্যবাহী ট্রাকবোঝাই ফেরি কেরামত আলী ও খান জাহান আলীকে বুধবার উদ্ধার করা হয়েছে। সকাল ৯টায় বিআইডব্লিউটিসির দুটি উদ্ধারকারী জাহাজ মাঝ নদীতে জেগে উঠা চরে আটকে পড়া ফেরি দুটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে নিয়ে আসে।
