এবারের বাজেট হবে বৈষম্যহীন: অর্থ উপদেষ্টা
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, “এবারের বাজেট হবে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে শোষণমুক্ত বৈষম্যহীন বাজেট। আঞ্চলিক বৈষম্য দূর করা ও মুদ্রাস্ফীতি সীমিত রাখার প্রতি গুরুত্ব দেওয়া হবে বাজেটে।”
মঙ্গলবার বেলা দুইটায় রাজশাহী সার্কিট হাউসে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিভাগীয় পর্যায়ের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও বেসরকারি সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ভারসাম্য রক্ষা করতে গিয়ে সুবিধাভোগীদের অসুবিধা হলেও বাজেটে সামগ্রীক দিক বিবেচনা করা হবে। অঞ্চলভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থাও থাকবে এই বাজেটে।”
তিনি বলেন, “১ লাখ ২০ হাজার টাকার উপরে আয় হলেও অনেকেই কর দেন না। তাই রাজস্ব আদায়ের দিক থেকে পৃথিবীর সবচেয়ে নিম্নতম দেশও বাংলাদেশ।”
ভ্যাটের মূলনীতিমালা বাস্তবায়নের ব্যাপারে তিনি বলেন, “সকল প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে।”
কৃষি খাতকে এ বাজেটে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
