অস্ত্র ও গুলি রাখার দায়ে খুলনায় একজনের ১৭ বছর কারাদণ্ড
অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ইব্রাহীম শেখ ওরফে সাগর নামে এক ব্যক্তিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
খুলনার তিন নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান মঙ্গলবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মতিয়ার রহমান শেখের ছেলে ইব্রাহীম শেখকে ২০০৩ সালের ৪ অক্টোবর রূপসা থানা পুলিশ ১১টি কার্তুজসহ বাগমারা এলাকা থেকে গ্রেপ্তার করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জনৈক কামালের ঘের থেকে গুলি ভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রূপসা থানায় মামলা হয়। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে অপর আসামি বুলবুল শেখকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি ফজলুল হক খোকন।
