২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওসহ কয়েকটি পদে রদবদল

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত কর্নেল আজিজুল হকের প্রেষণাদেশ বাতিল তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এই পদে কর্নেল শওকত আলীকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তা কমোডর এএসএমএ বাতেনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার এফ এম মাহমুদকে প্রেষণে কোস্ট গার্ডের কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে কোস্ট গার্ডে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার এম শফিকুর রহমানের প্রেষণাদেশ বাতিল করে তাকে নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে ওএসডি উপ-সচিব আবু হাসানাত মোহাম্মদ আলীকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২৫টি ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। প্রকল্প পরিচালক হিসেবে এতদিন কর্মরত গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল বশরকে তার আগের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে পটুয়াখালীর গলাচিপায়, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মালেকা পারভীনকে রাজশাহীর মোহনপুরে, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব একেএম অলি উল্যাকে খাগড়াছড়ির মানিকছড়ি, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব জহিরুল ইসলামকে সুনামগঞ্জের শাল্লায়, জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হাসান মারুফকে দিনাজপুরের বীরগঞ্জে এবং ওএসডি সিনিয়র সহকারী সচিব আবু সাঈদকে বাগেরহাটের চিতলমারীর ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে মঙ্গলবার এসব রদবদলের আদেশ জারি করে।