২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

একইসঙ্গে রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, ও সিলেট এলাকার নৌ বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্য বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় উত্তর বঙ্গোপসাগরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টিও হতে পারে।

 আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, সাধারণত মৌসুমী বায়ু প্রবাহের সময় সাগরে এ ধরনের পরিস্থিতি হয়ে থাকে। তবে আবহাওয়ার বৈচিত্র্যের কারণে এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম দিক পর্যন্তও অনেক সময় এটা হয়ে থাকে। সাগরে বায়ুচাপের তারতম্যের কারণে বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র ও নদী বন্দরগুলোকে সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। তবে সাগরে নিম্নচাপ বা লঘু চাপ নেই।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। আবহাওয়া অফিস জানায় বিকাল ৫ টা ২১ মিনিটে ৩৭ কিলোমিটার বেগে এবং সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে ৭৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

 এদিকে সোমবার দেশের বেশ কয়েকটি এলাকা দিয়ে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে গেছে। বায়ুচাপের তারতম্যের কারণে কোথাও কোথাও অধিক তাপমাত্রা অনুভূত হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের ৩৯ মিলিমিটার বৃষ্টিই দেশের সর্বোচ্চ।

 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সোমবার কালবৈশাখী বয়ে যেতে পারে। যশোর, রাজশাহী, বগুড়া, রংপুর, সিলেট, কুমিল্লা, নোয়াখালী এলাকায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।