২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্রে ত্রুটি: হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

পল্টনে শিবির কর্মী হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। অভিযোগপত্রে ত্রুটির কারণ দেখিয়ে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর মহানগর হাকিম মীর আলী রেজা সোমবার এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 05:05 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

২৮ মে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার দিন ধার্য করা হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এনামুল হক সোমবার আদালতে হাজির হয়ে বলেন, এ মামলায় অনেক আসামির নাম ঠিকানা ঠিকমত যাচাই করা হয়নি বলে অভিযোগপত্রে ত্রুটি-বিচ্যুতি রয়েছে। একারণে অধিকতর তদন্ত প্রয়োজন। ওই তদন্তের আগ পর্যন্ত শেখ হাসিনাসহ মোহাম্মদ নাসিম এবং এম এ মালেক কিরণের গ্রেপ্তারি পরোয়ানা মুলতুবি রাখা হোক।

সাবেক পিপি এবং আওয়ামী লীগের মহানগর কমিটির শীর্ষ নেতা এডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর মীর আলী রেজা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন।

রোববার শেখ হাসিনা দেশের উদ্দেশে রওনা দিতে চাইলেও লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বৃটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দেয়নি। এজন্য হিথ্রো থেকেই তিনি আবার বোন শেখ রেহানার বাসায় ফিরে যান।

আওয়ামী লীগের লন্ডন শাখার নেতা মানিক চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমকর্তারা ও ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার আওয়ামী লীগ সভানেত্রীকে জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তাকে যেন যেতে না দেওয়া হয়।”

এ ঘটনায় ক্ষুব্ধ শেখ হাসিনা যে কোনো মূল্যে দেশে ফেরার ঘোষণা দেন।

রোববার গভীর রাতে ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভি এবং ২৪ঘণ্টাকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসিনা বলেন, তিনি যে কোনো মূল্যে দেশে ফিরে আসবেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তিনি দেশে-বিদেশে জনমত তৈরি করবেন।

২৪ ঘণ্টা টিভিকে তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজ আমাকে কোনো কারণ দেখায়নি। বাংলাদেশ সরকার থেকে চিঠি দিয়েছে আমাকে যেন যেতে না দেওয়া হয়। আমাকে নিয়ে গেলে ঢাকায় বিমান নামতে দেবে না। বিমানবন্দরে গেলে আমাকে ব্রিটিশ এয়ারওয়েজ সে চিঠি দেখায়।”

সরকারের আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মামলা মোকাবিলা করতে দেশে যাব। তারা যেতে দিচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার বিরুদ্ধে মামলা করল। ওয়ারেন্ট জারি করল। আবার দেশে যেতে দিল না। এটা কী ধরনের কথা!”

শেখ হাসিনা বলেন, আপাতত লন্ডনে আছি। ব্রিটিশ মন্ত্রী এমপিদের সঙ্গে যোগযোগ করছি। বিশ্ব জনমত তৈরি করতে চাই। দেশের মানুষের সঙ্গে আমার যোগযোগ আছে। আমার বিরুদ্ধে মামলা যে মিথ্যা এটা তারাই প্রমাণ করেছে।

হাসিনা গত ১৫ মার্চ আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়েন।

সেখানে থাকতেই দেশে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের ও হত্যা মামলায় অভিযোগপত্র দায়ের হওয়ার পর ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সে সময় যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন আওয়ামী লীগ সভানেত্রীকে তার নির্ধারিত সময়ে দেশে ফেরার অনুরোধ জানান। যোগাযোগ উপদেষ্টার অনুরোধের পর হাসিনা দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন।

এরপর গত ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার।

এরপর দিনই শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে লন্ডন আসেন।