২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ঢাকা ও হবিগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। ঢাকার মাতুয়াইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানলে চার যাত্রী নিহত হন। অন্যদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে নিহত হন ছয় জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক জানান, ঢাকা-নোয়াখালী রুটের এটিসি ট্রান্সপোর্ট কোম্পানির একটি যাত্রীবাহী বাস রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির থানার মাতুয়াইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মারা যায় তিন জন। গুরুতর আহত ছয় জনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক জনের মৃত্যু হয়। তবে নিহত কারোরই পরিচয় পাওয়া যায়নি।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক মাহবুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

একই থানার সহকারী উপ-পরিদর্শক আসলাম আলী ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বাসটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাসচালকের কোনও সন্ধান পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা বাজারের পাশে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে বাঁশ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি প্রথমে মোটর সাইকেলটিকে চাপা দেয় এবং পরে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই মারা যান এক মোটর সাইকেল আরোহীসহ ছয় জন। নিহতরা হলেন, বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মাস্টার আব্দুল হামিদের ছেলে মীরপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সল আহমেদ (২১), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে অলি মিয়া (২২), খড়িয়া গ্রামের শিবু বিশ্বাস (৫৫), একই গ্রামের দেব বিশ্বাস (৭০), জারিয়া গ্রামের আনন্দ বজ্রের ছেলে ধনঞ্জয় বজ্র (২১) ও মানিকা গ্রামের রিকশাচালক আবিদ আলী (৩০)।

গুরুতর আহত ইসমাইল মিয়া (১৫), কামাল হোসেন (৫০), উস্তার মিয়া (৩০), জিতেন্দ্র বিশ্বাস (২৫) সহ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় দোকানের সামনে অনেক লোক থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়।

পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তার করতে পারেনি।