২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

মুলাদী উপজেলার কাজীর চরে শনিবার সকাল ১০টার দিকে আরজু বেগম(১৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আরজুর বাবা এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে শ্বশুর-শাশুড়িকে এর জন্য দায়ী করেছে। পুলিশও এটাকে হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 02:00 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মুলাদী থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজীর চরের মোজাম্মেল পেশকারের ঘরের বারান্দায় তার পুত্রবধূ আরজু বেগমের অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।”

তিনি জানান, নিহতের জিহ্বা বের হয়ে থাকায় পুলিশ ধারণা করছে আরজু বেগমকে শ্বাসরোধে হত্যার পর তা আত্মহত্যা বলে চালানোর জন্য গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। লাশের পাশে একটি কেরোসিনের বোতল ও একটি দিয়াশলাই পাওয়া গেছে বলে জানান তিনি।

আরজুর বাবা মো. শাহে আলম পাটোয়ারী জানান, তিন মাস বয়সে আরজুর সঙ্গে খোরশেদ পেশকারের বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতেই থাকতো আরজু। ২০০৬ সাল থেকে সে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে।

শাহে আলম অভিযোগ করেন, যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আরজুর ওপর নির্যাতন চালাতো।

আরজু বেগমের স্বামী খোরশেদ পেশকার, শ্বশুর মোজাম্মেল পেশকার ও শাশুড়ি সালেকা বেগম পলাতক রয়েছেন। খোরশেদ পেশকার ঢাকার উত্তরায় একটি তেলের পাম্পে চাকরি করেন। তবে ঘটনার সময় তিনি মুলাদীতে ছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।