বরিশালে পানিতে ডুবে নিহত ৬
জেলার তেঁতুলিয়া নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে শুক্রবার ছয় জন মারা গেছেন।
নিহতরা হলেন সালেহা বেগম (৩০), সাইফুল (৩), কাজীরচর গ্রামের জাহাঙ্গীর রাঢ়ীর মেয়ে আরিফা (২), একই গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে ঝুমুর (৫), বাবুল মোল্লার স্ত্রী নাজমা বেগম (২৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৩৫)।
মেহেন্দীগঞ্জের চরগোপাল ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ১৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন থেকে আলিমাবাদ যাওয়ার সময় রাত আটটার দিকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।
পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে সালেহা ও সাইফুলের লাশ উদ্ধার করে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন শনিবার সকাল সোয়া নয়টার দিকে আরিফা ও ঝুমুরের লাশ উদ্ধার করা হয়।
মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহজাহান জানান, দুর্ঘটনার পর থেকে নিখোঁজ দুই জনের লাশ শনিবার সকাল ১১ দিকে উদ্ধার করা হয়েছে।
