ময়মনসিংহে বাস খাদে, শিশুসহ নিহত ৫
ময়মনসিংহে একটি যাত্রিবাহী বাস খাদে পড়ে এক স্কুল ছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নেত্রোকোনা-ময়মনসিংহ সড়কে তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসছিল।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানুর আলম জানান, আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর স্কুল ছাত্র আব্দুল ওয়াদুদ মারা যায়। তার বয়স আট বছর। তার মা ও ভাই এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
দুর্ঘটনাস্থলেই নিহত হয় একজন। তার পরিচয় জানা যায়নি। বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে তিনজন মারা যান। এরা হলেন, জুলেখা খাতুন (৫০), মিয়া হোসেন (৪৫) ও সাদেকুন্নাহার মুনীরা (২৮)।
মুনীরা কিছুদিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকেই ইন্টার্নি শেষ করেন। তিনি সিরাজগঞ্জের খাঁজা মেডিকেল সেন্টারে কাজ করতেন।
