দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সময়সীমা জানানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযান কতদিন চলবে এবং কাদের ধরা হবে তা এখনই বলা সম্ভব নয়।
তিনি বলেন, “দেশে দুর্নীতি দমন আইন রয়েছে এবং এটি থাকবে। জরুরি অবস্থা উঠে গেলেও এই আইন বলবৎ থাকবে এবং স্বাভাবিক নিয়মেই চলবে। এজন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযান কতদিন চলবে সে ঘোষণা দেওয়া সম্ভব নয়।”
ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর এক আলেচনা সভায় বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে সৎ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না জনিয়ে বলেন, এতে জনসাধারণের একটি অংশ শঙ্কিত হলেও তাদের বুঝতে হবে এর প্রভাব সাময়িক।
ইআরএফ সভাপতি জাকারিয়া কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর এলাহী ও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইআরএফ এর সাধারণ সম্পাদক নাজমুল আহসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।
অর্থ উপদেষ্টা বলেন, যারা সন্ত্রাসী কাজে সঙ্গে জড়িত এবং ক্ষমতার অপব্যবহার করে সুযোগ সুবিধা নিয়ে থাকে যতদূর সম্ভব তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
বর্তমান সরকার দেশের বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান অর্থনীতিক অবস্থা এবং আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের বাজেটের ব্যাপারেও উপদেষ্টা খোলামেলা কথা বলেন।
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, এটি বাড়লেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
রপ্তানি, রেমিটেন্স এবং রিজার্ভ ছাড়াও বিভিন্ন খাতে দেশ খুবই ভালো করছে জানিয়ে তিনি বলেন, “তবে বিগত বছরগুলোর চেয়ে বিদেশি সাহায্য একটু কমেছে।”
রাজস্ব আয় বাড়ানোর ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, এ অবস্থায় ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেওয়া ছাড়া সরকারের আর কোনো পথ নেই। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আয় ৯ শতাংশ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, উল্লেখযোগ্য হারে রাজস্ব আয় কমে গেছে।
উপদেষ্টা বলেন, রাজস্ব খাতের আয় বাড়ানোর প্রচেষ্টা সত্ত্বেও কর বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই। তবে কর বহির্ভূত খাতগুলোতে কর বাড়ানোর সম্ভাবনার কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কবে এবং কোথায় পরবর্তী বাজেট পেশ করা হবে এ ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি।
