একুশে টেলিভিশনকে দেওয়া হাইকোর্টের আদেশ বাতিলের শুনানি ২৩ এপ্রিল পর্যন্ত মুলতুবি
একুশে টেলিভিশনকে স্যাটেলাইট সংযোগ ছাড়া সম্প্রচার সুবিধা দেওয়ার আদেশ বাতিলের জন্য বিটিভির আবেদনের শুনানি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত মুলতুবি করা হয়েছে।
বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির সংক্ষিপ্ত শুনানি শেষে মুলতুবির এই আদেশ দেন।
শুনানিতে সরকার পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান বলেন, গত ৭ মার্চ হাইকোর্ট একুশে টিভিকে স্যাটেলাইট সংযোগ ছাড়া (টেরিস্ট্রিয়াল) সম্প্রচারের জন্য তরঙ্গ বরাদ্দ দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) নির্দেশ দেয়। এ ছাড়া পুনঃসম্প্রচারের জন্য ইটিভিকে যন্ত্রপাতি ব্যবহার করতে দিতেও বিটিভিকে নির্দেশ দেওয়া হয়।
শুনানিতে তিনি বলেন, ২০০৬ সালের ৩০ অক্টোবরের আদেশ অনুযায়ী কেবল বিটিভিই স্যাটেলাইট সংযোগ ছাড়া (টেরিস্ট্রিয়াল) সম্প্রচার করতে পারে। বিটিভির জন্যই এই সুবিধা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া একুশে টিভির সঙ্গে বিটিভির টেরিস্ট্রিয়াল সম্প্রচারের কোন চুক্তি করার সুযোগ নেই। তাছাড়া বিটিভির সম্প্রচার টাওয়ার স্পর্শকাতর এলাকা। বিটিভি ছাড়া অন্য কারো ওই এলাকাতে প্রবেশাধিকার দিলে নিরাপত্তা বিঘ্নিত হবে।
আদালত বলেন, হাইকোর্টের আদেশের কোন্ অংশ সংশোধনের জন্য আবেদন করা হয়েছে তা সুস্পষ্ট করে বলা হয়নি। আবেদনটি ভুলে ভরা। তাই সেটি ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। সরকারপক্ষের আইনজীবী এসময় আবদনটি সংশোধন করার জন্য সশয় প্রার্থনা করেন।
এ পর্যায়ে আদালত ইটিভির কাছ থেকে জানতে চান, একুশে টেলিভিশন স্যাটেলাইট সংযোগ দিয়ে সম্প্রচার করতে পারে। অন্যের স্থাপনা ইটিভি কীভাবে ব্যবহার করবে?
ইটিভির পক্ষে আইনজীবী মোজাম্মেল হক বলেন, তথ্য মন্ত্রণালয় ইটিভিকে টেরিস্ট্রিয়াল মাধ্যমে পুনঃসম্প্রচারের অনুমতি দিয়েছে। আর বিটিভি তথ্য মন্ত্রণালয়ের অধীন। পুনঃসম্প্রচার করতে হলে বিটিভির স্থাপনায় থাকা একুশে টিভির ৯১ কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। তিনি বিটিভির আবেদনের জবাব দাখিলের জন্য এক সপ্তাহ সময়ের আবেদন জানান।
