২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বিরোধী অভিযানে সমন্বয় ও বোঝাপড়ায় ঘাটতি ছিল: জেনারেল মাসুদ

দুর্নীতি বিরোধী অভিযানে কিছু কিছু জায়গায় সমন্বয় ও বোঝাপড়ার ঘাটতির কথা স্বীকার করলেন দুর্নীতি প্রতিরোধে সারাদেশে গঠিত টাস্কফোর্সগুলোর সমন্বয়ক মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মাসুদ উদ্দিন চৌধুরী আরও বললেন, “যারা ‘হাই প্রোফাইল কর্পোরেট’ দুর্নীতি করেছে তাদের অপরাধের ধরন সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের স্পষ্ট কোন ধারনাই নেই।”

সাংবাদিকদের মাসুদ বলেন, “গত দুই মাসে আমরা যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছি এ ক্ষেত্রে কিছূ কিছু জায়গায় সমন্বয় এবং বোঝাপড়ার ঘাটতি ছিল। এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেছি।”

তার মতে, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশনের অধিকাংশ কর্মকর্তারই কোন অভিজ্ঞতা নেই।

দুর্নীতি দমন কমিশনে জনবলের ঘাটতি রয়েছে উল্লেখ করে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন,“অন্যান্য সংস্থা থেকে প্রেষণে লোকবল এনে এসব ঘাটতি পূরণ এবং সমন্বয় করে কিভাবে দ্রুত কাজ করা যায় এসব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।”

দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলায় আইনীজীবী নিয়োগের বিষয় নিয়েও সভায় আলোচনা হয় বলে তিনি জানান।

জাতীয় রাজস্ব বোর্ডর প্রসঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের ইতিহাসে এ ধরনের মামলা করার কোন অভিজ্ঞতা নেই।”

আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদজনক ঘোষণা করা হয়েছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মাসুদ বলেন, “এ বিষয়টি আমার এখতিয়ারে নেই।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তারের ২৪ ঘন্টা পর কেন ছেড়ে দেওয়া হয়েছে প্রশ্ন করলে মঙ্গলবার উপদেষ্টা এম এম মতিনের দেওয়া বক্তব্যই তার বক্তব্য বলে মন্তব্য করেন মাসুদ।

তাহলে কি কোকোর বিরুদ্ধে কোন অভিযোগ নেই-জানতে চাইলে মাসুদ বলেন, ‘এখন পর্যন্ত তার বিরুদ্ধে টাস্কফোর্সের কাছে কোন অভিযোগ আসেনি।’

মঙ্গলবার উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের বলেছিলেন “কিছু তথ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কোকোকে আটক করা হয়েছিল। টাস্কফোর্সের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।”

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে, পুলিশের মহাপরিদর্শক নূর মোহম্মদ, মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, মিলিটারী অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোহাম্মদ, আইন বিচার ও সংসদ বিষয়ক যুগ্মসচিবসহ বিভিন্ন মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা আরও উপস্থিত ছিলেন।