২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেল

শর্ত ভঙ্গ করে অস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ২৬ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 01:05 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বুধবার দুপুরে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক মো. মমিন উল্লাহর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বিচারক মো. আমানউল্লাহ শুনানির নতুন দিন ধার্য করেন।

নাজমুল হুদার আইনজীবীরা মামলাটির কাগজপত্র এবং সইমুহুরি নকল পাননি বলে আদালতের কাছে সময় প্রার্থনা করেন। এ পর্যায়ে আইনজীবীরা নাজমুল হুদার সঙ্গে মামলা নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য সময় চাইলে আদালত তাদের আধা ঘন্টা সময় দেন।

দুপুর ১২টা ১০ মিনিটে ব্যারিস্টার নাজমুল হুদাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাবেক মন্ত্রীকে এ সময় বসতে দেওয়া হয়।

আদালতে নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা উপস্থিত ছিলেন।

অবৈধ অস্ত্র ও গোলাগুলি রাখার অভিযোগ ছাড়াও সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

এগুলো হচ্ছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা, অস্ত্র আইনে মামলা, গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতির মামলা, চাঁদাবাজি ও চুরির মামলা।

নাজমুল হুদাকে গত ৫ ফেব্রুয়ারি জরুরি ক্ষমতা আইন ও ধানমন্ডি থানার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি মামলায় গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয় ধানমন্ডি থানায় গত ৮ মার্চ।