রাজশাহীর বাগমারায় জেএমবি সদস্যসহ ৫ জন গ্রেপ্তার
বাগমারায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির চারজন ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে বাগমারা থানা পুলিশ বাগমারার রামরামা ও সাজুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করে।
পুলিশ জানায়, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার জালাল (২৬), কাবাতুল্লাহ (৪০) ও আবদুল কুদ্দুসকে (৩৫) সাজুড়িয়া গ্রাম থেকে এবং শাহিনকে (২৭) রামরামা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অন্যদিকে জেএমবি সদস্য মোহাম্মদ হাসানকে (৪০) ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার পিপিএম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, আটক সর্বহারা সদস্য ও জেএমবি সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
