৩২ জন সন্দেহভাজন দুর্নীতিবাজের কাছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ যাচ্ছে
৩২ জন সন্দেহভাজন দুর্নীতিবাজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে আগামী সপ্তাহে নোটিশ পাঠাবে দুর্র্নীতি দমন কমিশন।
মঙ্গলবার কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সাংবাদিকদের সন্দেহভাজনদের নাম জানিয়ে দেন। তার দেওয়া তথ্য মতে সন্দেহভাজনরা হলেন, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও সাবেক সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস আফম বাহাউদ্দিন নাছিম, সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক পাটমন্ত্রী শাহজাহান সিরাজ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পদক সৈয়দ আবুল হোসেন, যুবদলের সভাপতি ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, আওয়ামী লীগের সাবেক সাংসদ ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, বিএনপির সাবেক সাংসদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এম এ এইচ সেলিম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, মির্জা আব্বাসের ছোট ভাই ওয়ার্ড কমিশনার মির্জা খোকন, খালেদা জিয়ার ভাগ্নে অ্যাব নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন, ডেমরার সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লা,খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবুল হাসেম, ড্যাব ও বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবেক সচিব মোঃ ইসমাইল জবিউল্লাহ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ, হামিম গ্রুপের সত্বাধিকারী ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, শেখ হাসিনার সাবেক এ পি এস রবিউল মুক্তাদির, ডেসার শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোশাররফ হোসেন, উত্তরা গ্রুপের মালিক গিরিধারী লাল মোদী, এনবিআর এর সাবেক সদস্য এটিএম সারোয়ার হোসেন, পুলিশের সাবেক এডিশনাল আইজি শহীদুল্লাহ খান, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এ এফ এম মঞ্জুরুল ইসলাম, সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলাম, ঢাকা সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান।
কমিশনের ওই কর্মকর্তা আরও জানান, উল্লিখিত নামের বাইরে ইতোমধ্যে সংবাদপত্রে প্রকাশিত ৫০ জনের তালিকায় থাকা অন্যদের বিরুদ্ধেও সম্পত্তির হিসাব চেয়ে কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলো থেকে নোটিশ জারি করা হবে। তবে তা কবে করা হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দেননি তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ৫০ জন সন্দেহভাজন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছিলেন কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন।
