খুলনায় ইউপি চেয়ারম্যানসহ চারজন গ্রেপ্তার
জেলার বটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারকোট ইউনিয়নে মঙ্গলবার সকালে ঘুষ দেওয়ার সময় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ছাড়া ত্রানের টিন আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওয়ার্ড রিকসা শ্রমিক দলের সাধারণ সম্পাদককে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভাণ্ডারকোট ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, ইউপির মহিলা সদস্য সুলতানার স্বামী গোলাম মোস্তফা এবং ২১ নং ওয়ার্ড রিকসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকতার হোসেন বিপু।
যৌথবাহিনী জানায়, সরকারি বরাদ্দ হিসেবে পাওয়া গম ও চাল আত্মসাৎ করার অভিযোগে ভাণ্ডারকোট ইউনিয়নের ইউপি সদস্য মঞ্জু শেখ চেয়ারম্যানকে আসামী করে গত ২ এপ্রিল বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চেয়ারম্যানসহ ওই তিনজন বাদী মঞ্জু শেখকে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে মামলা প্রত্যাহার করার প্রস্তাব দেয়। এ সময় ওঁৎ পেতে থাকা যৌথবাহিনী সদস্যরা হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের থানায় হস্তান্তরের পর মামলা হবে।
এদিকে, রিকসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তারের ব্যাপারে সদর থানার দারোগা সফির উদ্দিন জানান, নগরীর ২১ নং ওয়ার্ডের রিকসা শ্রমিকদলের অফিস থেকে গত ২৩ ফেব্রুয়ারি ত্রাণের টিন উদ্ধার করা হয়। এ ঘটনায় আকতার হোসেন বিপুর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
