মিরপুরে জমি উদ্ধার অভিযানে এলাকাবাসীর বাধা, পুলিশের লাঠিপেটা
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সোমবার রাজধানীর মিরপুরে একটি জমি উদ্ধার করতে গেলে এলাকাবাসী বাধা দিলে পুলিশ লাঠিপেটা করে। পরে অতিরিক্ত পুলিশ এনে জমিটি উদ্ধার করা হয়।
সোমবার এ ঘটনার সময় পুলিশ পাঁচ জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
মিরপুর থানার উপ-পরিদর্শক মাহফুজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, মিরপুর দুই নম্বর সেকশনের এইচ ব্লকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি জমি স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন।
সোমবার সকাল ১১ টার দিকে গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ ও ম্যাজিস্ট্রেট মো. আজহারুল হকের নেতৃত্বে ওই জমি দখলমুক্ত করার কাজ শুরু হয়। এ সময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। পরে অতিরিক্ত পুলিশ এনে জমিটি দখলমুক্ত করা হয়।
পাঁচ জনকে আটক প্রসঙ্গে মাহফুজ হোসেন বলেন, “কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে বেয়াদবী করায় তাদেরকে সাময়িকভাবে আটক করা হয়েছিল। উচ্ছেদ অভিযান শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
