আড়াইহাজারে পুলিশের বিরুদ্ধে ঘুমন্ত গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ
আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রামে সোমবার ভোরে পুলিশ বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসী অভিযোগ করেছে, এসময় পুলিশের বেধড়ক পিটুনিতে আহত হয় ৩০ জন নারী-পুরুষ। পুলিশ তাদের বাড়িঘরে লুটপাট চালায় বলেও তারা জানান।
পুলিশী হামলার শিকার গ্রামের ২০/২৫ জন নারী-পুরুষ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে তাদের উপর পুলিশের নির্মম নির্যাতনের বর্ণনা দেন। আহতদের টেম্পোতে করে প্রেসক্লাবে নিয়ে আসা হয়।
বিশনন্দী ইউপির সাবেক মেম্বার গোলাম কবির ফরিদ জানান, বিশনন্দী গ্রামের রিজিয়া বেগমের সঙ্গে কামাল ও তার আত্মীয়-স্বজনের জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। রিজিয়া বেগম পার্শ্ববর্তী সোনারগাঁও সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন কামাল ও তার লোকজন তাদের তাড়িয়ে দিয়ে ঘরবাড়ি দখল করে নিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে সেনা কর্মকর্তারা গত ১১ এপ্রিল বিবদমান দুপক্ষকে তলব করে। সেনাবাহিনী কাগজপত্র পরীক্ষা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয় রিজিয়া বেগমকে পুনরায় তার জমি ফিরিয়ে দেওয়ার। সেনা ক্যাম্পের সিদ্ধান্ত অনুযায়ী রিজিয়া বেগম আবারও তার জমিতে ঘর তুলেন। পরবর্তীতে কামাল আড়াইহাজার থানায় রিজিয়া বেগম ও তার লোকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। রোববার রাত ১০ টায় পুলিশের একজন উপ পরিদর্শক ১৪ জন কনস্টেবল গিয়ে এই মামলায় গ্রামবাসী হযরত আলী ও আমীর আলীকে আটক করে। এই খবর ছড়িয়ে পড়লে গ্রামে উত্তেজনা দেখা দেয়।
এসময় লোকজন ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে এসে পুলিশকে ধাওয়া করে। গ্রামবাসী পুলিশের কাছ থেকে আটক দুজনকে ছিনিয়ে নিতে সক্ষম হয়। এই ঘটনার জের হিসেবে সোমবার ভোর ৪ টায় বিপুলসংখ্যক পুলিশ বিশনন্দী গ্রামে হানা দেয়। ঘরে ঘরে ঢুকে লোকজনকে ঘুম থেকে টেনে তুলে বের করে এনে বেধড়ক পেটায়। আড়াই হাজার থানার উপ পরিদর্শক হেকমত এতে নেতৃত্ব দেয় বলে তারা জানান।
গ্রামবাসী আরও জানান, পুলিশের নির্মম নির্যাতন থেকে গ্রামের নারীরাও রেহাই পায়নি। মামলার বাদী কামাল ও তার অনুগত সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে হামলায় অংশ নেয়। পুলিশ গ্রামের খলিল, হযরত আলী, মোস্তফা, আবদুল বাতেন, আবদুল আলী, জামান, আফাজ উদ্দিন, তৌহিদ, লুকু মিয়া, ইসমাইল, হারেস মিয়া, মতিন প্রমুখের বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নির্বিচারে সবাইকে পেটায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে, স্বর্ণালংকার ও তাঁতী পরিবারগুলোর কাপড় লুট করে নিয়ে যায়।
বিশনন্দী গ্রামের বাসিন্দা হযরত আলী অভিযোগ করেন, পুলিশ ও সন্ত্রাসীরা তার ঘরে ঢুকে পাঁচ লাখ টাকার কাপড় লুট করে নিয়ে গেছে। তিনি ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ংয়ে কাপড় সরবরাহ করতেন।
হামলায় রেহানা, হাসনা, সাফিয়া, সাহারা, রেবিয়া, সূর্যবানু, নাজমা, মাজেদা, পারুল, ফিরোজা, রুমি, রেনু, সুফিয়া, জাবেদা, লোকমানসহ ৩০ জন আহত হন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুর করীম জানান, এসআই হেকমতের নেতৃত্বে পুলিশ আসামীদের ধরতে বিশনন্দী গ্রামে অভিযান চালায়। তবে পুলিশ কোনো বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর বা নির্যাতন করেনি।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যারা গিয়েছে তারা নিজেরাই নিজেদের শরীর কেটেকুটে হয়তো অভিযোগ করেছে।”
