খুলনায় আ. লীগ নেতা সুজার বাড়িতে দুদকের টাস্কফোর্স ও যৌথ বাহিনীর অভিযান
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজার বাড়িতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাস্কফোর্স ও যৌথ বাহিনী সোমবার সকালে অভিযান চালিয়েছে। তবে বাড়িতে এসময় কেউ না থাকায় টাস্কফোর্স সুজার স্ত্রীকে মঙ্গলবার দুপুরের মধ্যে স্বামীর পক্ষে জমা দেওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবের তালিকা তাদের দেখানোর জন্য বলা হয়েছে।
টাস্কফোর্স প্রধান ও দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খানের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট টাস্কফোর্সের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, সকাল ১০টা ০৫ মিনিটে খুলনা মহানগরীর ৫০ নং টুটপাড়া ইস্ট লিংক রোডে আওয়ামী লীগ নেতা সুজার বাড়িতে দুদকের টাস্কফোর্স ও যৌথ বাহিনী অভিযান চালায়। তবে ওই বাড়িতে কেউ না থাকায় এবং বাড়ির প্রধান গেট তালাবদ্ধ থাকায় টাস্কফোর্স বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।
প্রায় দেড় ঘন্টাব্যাপী অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা বাড়িটির চারপাশ ঘিরে রাখে। এ সময় টাস্কফোর্সের সদস্যরা টেপ দিয়ে বাড়ির চৌহদ্দি মাপজোক করেন। অভিযান চলাকালে টাস্কফোর্সের প্রধান দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খান আওয়ামী লীগ নেতা সুজার স্ত্রী খোদেজা রশিদীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। মঙ্গলবার দুপুরের মধ্যে তাকে খুলনায় এসে হাইকোর্টে স্বামীর পক্ষে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির যে তালিকা জমা দিয়েছেন তা দেখানোর জন্য সময় বেঁধে দেন।
অভিযান শেষে দুদকের টাস্কফোর্স সদস্যরা সুজার বাড়ির তত্ত্বাবধায়ক আফতাবকে সঙ্গে নিয়ে সুজার অন্যান্য বাড়ি, ঘের, জমি পরিদর্শন এবং তালিকাবদ্ধ করেন।
দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খান জানান, সুজার পক্ষে তার স্ত্রী খোদেজা রশিদী সম্পদের যে হিসাব দাখিল করেছেন তা যাচাই বাছাই করতে তারা খুলনায় এসেছেন।
আওয়ামী লীগ নেতা সুজা দুর্নীতিবাজ রাজনীতিকদের ৫০ জনের তালিকাভুক্তদের একজন এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। গত ২২ মার্চ খোদেজা রশিদী হাইকোর্টের নির্দেশে তার স্বামী এসএম মোস্তফা রশিদী সুজার পক্ষে দুদকের প্রধান কার্যালয়ে সম্পদের হিসাব দাখিল করেন।
