ঘুষ নেওয়ার অভিযোগে ফরিদপুর সওজ এর ৪ জন গ্রেপ্তার
ঘুষ নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম রিয়াজুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন সওজের একই কার্যালয়ের উচ্চমান সহকারি ইউনুস মুন্সী, অফিস সহকারী ইব্রাহীম মিয়া ও আব্দুল আলীম।
যৌথবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পরে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সরকারি বাসা থেকে নগদ ২ লাখ ৭৫ হাজার ৫শ টাকা, সন্দেহজনক চেকবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় সোপার্দ করা হয়েছে।
এদিকে, ফরিদপুর কোতয়ালি থানার সেকেন্ড অফিসার আবুল কালাম আজাদ জানান, যৌথবাহিনী সওজ কর্মকর্তা-কর্মচারীদের হস্তান্তরের পর শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, ইউনাইটেড ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম ইজারা পাওয়া জমি কয়েকদিন আগে নবায়ন করতে গেলে সওজের ওই চার কর্মকর্তা-কর্মচারী দশ হাজার টাকা ঘুষ দাবি করেন। বৃহস্পতিবার সাইফুল নয় হাজার টাকা দেওয়ার সময় যৌথবাহিনী হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশন এ মামলার তদন্ত করবে বলে জানান আবুল কালাম আজাদ।
