২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলার অভিযোগ গঠন ২২ এপ্রিল

সিলেটের ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলার অভিযোগ গঠনের তারিখ আগামী ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনাল আদালতে এ তারিখ নির্ধারণ করা হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় গত ৫ এপ্রিল আদালত থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ ১৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার ছিল শুনানির তারিখ।

আদালত আসামি পক্ষের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২২ এপ্রিল আসামিদের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।

মামলার প্রধান আসামি মেয়র কামরানকে গত ৬ এপ্রিল তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কুমিল্লা কারাগারে আছেন। আরেক আসামি ওয়ার্ড কমিশনার আজাদুর রহমান আজাদ অন্য একটি মামলায় কারাবন্দি রয়েছেন। এ ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছেন।

সিলেট নগরীর শিবগঞ্জের কিচেন মার্কেট ২০০০ সালের ২১ মে মন্ত্রণালয়ের অনুমতি এবং দরপত্র ছাড়াই বন্দোবস্ত দিয়ে অভিযুক্ত ১৯ আসামি প্রায় ২৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

২০০৩ সালের ৮ মে দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা একরামুর রেজা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।