২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়ার প্রতিষেধক উদ্ভাবন

দুই দশক গবেষণার পর বাংলাদেশের গবেষকরা ডায়রিয়া রোগের প্রতিষেধক উদ্ভাবন করেছেন। প্রতিষেধকটির কার্যকারিতা পরীক্ষামূলক প্রয়োগে প্রমাণিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

প্রতিষেধকটি ভিভরিও কলেরি এবং এসেরিসিয়া কোলি (ইটিইসি) নামে চিহ্নিত দুটি মারাত্মক জীবানুকে নিষ্ক্রিয় করার মাধ্যমে ডায়রিয়া রোগ প্রতিরোধ করে। বাংলাদেশে ডায়রিয়া রোগে আক্রান্তদের মধ্যে প্রায় ৫৫ ভাগ কলেরি ও ইটিইসি জীবাণুতে সংক্রমণের কারণে হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা জানান।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

প্রতিষেধকটির উৎপাদনকারী প্রতিষ্ঠান সুইডেনের এসবিএল ভ্যাকসিন এবং বাংলাদেশে বাজারজাতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা ডায়রিয়ার প্রতিষেধক উদ্ভাবনকে চিকিৎসা বিজ্ঞানে একটি মাইল ফলক অভিহিত করেন। তারা বলেন, ১৯৮৫ সালে প্রতিষেধকটি উদ্ভাবনের কাজ শুরু হয়। উদ্ভাবিত প্রতিষেধকটি একবার গ্রহণ করলে দেহে অন্তত দুই বছর ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধের ক্ষমতা থাকবে।

প্রতিষেধকটি ‘ডুকোরাল’ নামে বাজারে ছাড়া হবে। পাওয়া যাবে কেবল অনুমোদিত টিকাদান কেন্দ্রে। অবশ্যই ২-৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। দুই ডোজের দাম পড়বে ২৪০০ টাকা। প্রতিষেধকটি দুই সপ্তাহের ব্যবধানে দুইবার গ্রহণ করতে হবে। দুই বছর বয়েসী শিশু থেকে শুরু করে যে কোনো প্রাপ্ত বয়স্ক মানুষ গ্রহণ করতে পারবে।

আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. ডেভিড এ স্যাক বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিষেধকটির ব্যবহার শুরু করার বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। দাম এখন বেশি হলেও একটি এটা খাবার স্যালাইনের মতোই সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে যাবে বলে তার বিশ্বাস। তিনি উদ্ভাবিত প্রতিষেধকটির অন্যতম মূল গবেষক।

হেলথ কেয়ার ফামাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক মো. হালিউজ্জামান বলেন, দাম বেশি বলে প্রতিষেধকটিকে জাতীয় টিকা কর্মসূচিতে অর্ন্তভুক্ত করার জন্য সরকারের কাছে প্রস্তাব করা হবে। সরকার এগিয়ে এলে সাধারণ মানুষও প্রতিষেধকটির সুবিধা পাবে।

এটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত একমাত্র কলেরা প্রতিষেধক যা বিশ্বের ৫০টি দেশে নিবন্ধন করা হয়েছে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় পরীক্ষা করা ছাড়াও কলেরা প্রবণ এলাকায় আসা উন্নত দেশের ভ্রমণকারীদের ওপরও প্রতিষেধকটির প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল বাংলাদেশেই প্রতিষেধকটি ওষুধ হিসেবে নিবন্ধিত।

আন্তর্জাতিক ডায়রিয়া রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ১৯৮৫ সালে প্রতিষেধকটির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরু করে। ড. ফেরদৌসী কাদরী, ড. মোহাম্মদ ইউনুস, ড. আব্দুস সালাম এবং ড. ডেভিড স্যাক এর পরীক্ষামূলক সফল প্রয়োগ করেন।

শিশুদের মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে বেশি। প্রতিষেধকটি খাওয়ার উপযোগী হওয়ায় তা শিশুদের জীবন রক্ষায় খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এটি ভয়াবহ পানি বাহিত রোগের আক্রমণ থেকেও জীবন রক্ষা করতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিশুদের ওপর জরিপ করে দেখা গেছে প্রতিষেধকটি নিরাপদ ও কার্যকর।