রিমান্ড সংক্ষিপ্ত করে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো কয়েস সামিকে
৪৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামিকে রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মহানগর হাকিম মীর আলী রেজা বৃহস্পতিবার বিকাল ৪ টায় এ আদেশ দেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (সিআইডি) সহকারি পুলিশ সুপার সৈয়দ মোমিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েস সামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু রিমান্ডের সময়সীমা শেষ না হতেই তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
কয়েস সামি গত ২৫ মার্চ উচ্চ আদালতের নির্দেশে ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৫ জানুয়ারি ওরিয়েন্টাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাজী মানজুর হোসেন কয়েস সামিসহ ২৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
কয়েস সামির বিরুদ্ধে ১৫ কোটি টাকা অর্থ আত্মসাতের আরও একটি অভিযোগ রয়েছে। কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলার এজাহারভুক্ত আসামী তিনি।
