শেখ হাসিনার দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার আবুল হাসান মনযুর মান্নান।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে-এ প্রশ্নে মনযুর মান্নান বলেন, “অন্যদের দুর্নীতির বিষয়ে যা করা হয়েছে, বড় নেতা-নেত্রীর ক্ষেত্রে সে রকম ব্যবস্থাই নেওয়া হবে।”
নতুন করে আরও ৩৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিশন কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
দুদক কমিশনার বলেন, “নতুন তালিকাটি আমাদের দিয়েছে টাস্কফোর্স। সুতরাং এনিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।”
মনযুর মান্নান বলেন, “দুর্নীতির অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেসব মামলার একটি যথাযথ অভিযোগপত্র দেওয়ার জন্য এ বিষয়ে ধীরে সুস্থে এগুচ্ছে কমিশন।”
আওয়ামী লীগ সভানেত্রীর মতো বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করা হবে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে দুদক কমিশনার এনিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
