২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত নির্বাচনী আচরণ বিধির খসড়া প্রকাশ আগামী সপ্তাহে

সংশোধিত নির্বাচনী আচরণ বিধির খসড়া আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 05:11 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

তিনি বলেন, আগামী সপ্তাহে নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত করে সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা, প্রচারণা, নির্বাচনী ক্যাম্প বিভিন্ন বিষয় নিয়ে এখন আলোচনা করা হচ্ছে। আইন যাতে বাস্তবায়নযোগ্য হয় সে ব্যাপারটিতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন।

তিনি আরো বলেন, ভোটার তালিকা তৈরির ব্যাপারে আলোচনা করতে রোববার বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসবে কমিশন। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা অংশ নেবেন।

হুমায়ুন কবির জানান, এ মুহূর্তে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম নিয়ে ভাবছে না কমিশন। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, জুলাই মাসের মধ্যে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের কাজ শেষ হবে। নির্বাচনে অংশ না নিয়ে কোনো রাজনৈতিক দল কার্যক্রম চালাতে চাইলে কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচনে অংশ নিতে হলে তাদের নিবন্ধন করতে হবে।