১৬ বছরেও বাস্তবায়ন হয়নি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ প্রকল্প
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পটি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও পরিকল্পনার অভাবে ১৬ বছরেও বাস্তবায়িত হয়নি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব কখনও সড়ক ও জনপথ বিভাগ, কখনও সেনাবাহিনীর ওপর ন্যস্ত হওয়ায় টানাপড়েনে পড়ে এই দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে। অথচ ৮৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বাস্তবায়িত হলে পাথুরে সৈকতের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে কক্সবাজার-টেকনাফে পর্যটকের সংখ্যা যেমন বাড়তো, তেমনি দুর্যোগের সময়ে জরুরি খাদ্য সরবরাহও করা যেত সহজেই। বিস্তারিত জানাচ্ছেন আনছার হোসেন
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পটি প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে ১৬ বছরেও বাস্তবায়িত হয়নি। অথচ সড়কটি হলে কক্সবাজার-টেকনাফে পর্যটকের সংখ্যা যেমন বাড়তো, তেমনি দুর্যোগের সময়ে জরুরি খাদ্য সরবরাহও করা যেত সহজেই।
৮৪ কিলোমিটার সড়কটি তিন পর্যায়ে নির্মাণের লক্ষ্যে ১৯৯১-৯২ অর্থবছরে মেরিন ড্রাইভ প্রকল্পটি হাতে নেওয়া হয়। প্রথম পর্যায়ে কক্সবাজার শহরের কলাতলি মোড় থেকে ইনানি পর্যন্ত ২৪ কিলোমিটার, দ্বিতীয় পর্যায়ে ইনানি থেকে শিলখালী পর্যন্ত ২৪ কিলোমিটার এবং তৃতীয় পর্যায়ে শিলখালী থেকে টেকনাফ পর্যন্ত ৩৬ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ১৯৯২-৯৩ অর্থ বছরে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সেনাবাহিনীর ইসিবি (ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন)। পরের বছর সেনাবাহিনীর কাছ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয় সড়ক ও জনপথ বিভাগকে (সওজ)। কিন্তু কাজে অগ্রগতি না হওয়ায় পুনরায় দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, কক্সবাজার প্রান্তের প্রথম দুই কিলোমিটার সড়ক বাস্তবায়নের দায়িত্ব ‘দুরভিসন্ধিমূলকভাবে’ নিজেদের হাতেই রেখে দেয় সওজ বিভাগ। ১৯৯৯ সালে সওজ প্রথম দুই কিলোমিটার রাস্তার কাজ শেষও করে। কিন্তু পরের বছরই সড়কের উল্লেখযোগ্য অংশ বঙ্গোপসাগরে বিলীন হয়ে যায়।
জেলা প্রশাসন ও বিভিন্ন মহল থেকে তখন প্রকল্প বাস্তবায়নের পুরো দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি ওঠে। সেই অনুযায়ী পুুরো প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়। সেনাবাহিনী স্থানীয়দের পরামর্শে কলাতলি গ্রামের মধ্য দিয়ে মেরিন ড্রাইভের কাজ শুরু করে। প্রথম পর্যায়ের ২৪ কিলোমিটার সড়কের মধ্যে শেষ দুই কিলোমিটার ছাড়া অবশিষ্ট অংশের নির্মাণ কাজ শেষ করে তা গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
প্রকল্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ১৭ ইসিবির একটি সূত্র জানায়, চলতি এপ্রিল মাসেই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হচ্ছে। যদিও এই অংশের মংলা পাড়া, ডেইল পাড়া ও নিদানিয়া এলাকায় তিনটি সেতু নির্মাণ কাজ এখনও শেষ হয়নি।
ইসিবির উপ-অধিনায়ক মেজর আনিসুর রহমান জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে কলাতলি মোড় থেকে ইনানি পর্যন্ত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি আরও জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে ইনানি থেকে শিলখালী পর্যন্ত ২৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হবে আগামী জুলাই মাসে।
তিনি বলেন, পুরো টাকাটা একসঙ্গে পেলে মাত্র তিন বছরেই পুরো প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হতো। ধাপে ধাপে অর্থ বরাদ্দ দেওয়ায় কাজ এগিয়ে নিতে সমস্যা হচ্ছে।
প্রসঙ্গত, ইনানি শিলখালী সড়ক প্রকল্পটি চার বছর মেয়াদি। এই প্রকল্পের কাজ শেষ হলে শুরু হবে শিলখালী-টেকনাফ সড়ক প্রকল্প।
মেজর আনিসুর রহমান জানান, সড়কটি খুলে দেওয়া হলে দেশি-বিদেশি পর্যটকরা সরাসরি মেরিন ড্রাইভ সড়ক দিয়েই ইনানির আকর্ষণীয় পাথুরে সৈকতে যাতায়াত করতে পারবেন। নির্মাণাধীন সেতু তিনটির কাজ শেষ না হলেও বেইলি সেতু দিয়ে পর্যটকরা ইনানি সৈকতে যেতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনেক চড়াই-উতরাই পাড়ি দিয়ে এ পর্যন্ত আসা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পটি মাঝপথে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বাদ পড়ে যায়। চার দলীয় জোট সরকারের আমলে ২০০১-২০০২ ও ২০০২-২০০৩ অর্থবছর এই প্রকল্পের জন্য কোন টাকাই বরাদ্দ দেওয়া হয়নি। পরবর্তী সময়ে জনগণের দাবির মুখে শেষ তিন বছর তিন কিস্তিতে মোট ২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
গত ১৫ মার্চ ‘সার্ক গাড়ি শোভাযাত্রা’ উপলক্ষে কক্সবাজার সফরে এসে যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল এম এ মতিন (অব.) মেরিন ড্রাইভ সড়কটি পরিদর্শন করেন এবং প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
মেজর আনিসুর রহমান বলেন, সাতটি উদ্দেশ্য নিয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তাতে ছিল এটি হবে ১৮ ফুট দৈর্ঘ্যরে আঞ্চলিক মহাসড়ক। তাছাড়া সড়কটির মাধ্যমে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের সামনে উম্মুক্ত হবে। এর ফলে প্রাকৃতিক সম্পদ আহরণ আরও সহজতর হবে। এটি ব্যবহৃত হবে বিকল্প সড়ক হিসেবে এবং দুর্যোগকালীন সময়ে খাদ্য সরবরাহ করা সহজ হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এই সড়ক প্রকল্পের কাজ শেষ হলে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
