স্বাস্থ্য পরীক্ষার জন্য পিজি হাসপাতালে পিন্টু
ঢাকা-৮ আসনের সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে তাকে আরও একদিন রাখা হবে।
কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে সকাল সাড়ে ১০টায় পিন্টুকে পিজি হাসপাতালে নেওয়া হয়। তাকে রাখা হয়েছে প্রিজন ওয়ার্ডে।
উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “কারা চিকিৎসকদের পরামর্শে নাসির উদ্দিন পিন্টুকে পিজিতে আনা হয়েছে। অর্শ রোগের (পাইলস) কারণে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।”
তিনি আরও বলেন, “প্রয়োজনে তাকে বিদেশ নেওয়া হতে পারে। তবে তা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের পরামর্শের ওপর।”
বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “পিন্টুর কলোরোসকপি, প্রক্টসকপি ও রক্তসহ পাঁচটি পরীক্ষা করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে আরও একটি পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণের পর নাসিরুদ্দীন আহমেদ পিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
