ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে নিহত ১
নাসির নগর উপজেলার ওপর দিয়ে বুধবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে।
ঝড়ে উপজেলার ভলাকুট, গোয়ালনগর, নাসির নগর সদর, কুন্ডা, চাতলপাড়, হরিপুর, ফান্দাউক, পূর্বভাগ, গুনিয়াউক ও গোকর্ণসহ নয়টি ইউনিয়নের শতাধিক গ্রামের সহস্রাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। শিলা-বৃষ্টির কারণে চলতি ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফান্দাউক ইউনিয়নের আতিকুরা গ্রামের সেলিনা বেগম (২৫) ঝড়ের সময় বজ্রপাতে মারা গেছেন। এ সময় ঝড়ে অর্ধ শতাধিক আহত হন। এর মধ্যে গুরতর আহত অবস্থায় ১০ জনকে নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোকর্ন ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান জানান, শুধুমাত্র গোকর্ন ইউনিয়নেরই তিন শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ায় পুরো নাসিরনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী জানান, ঝড়ে কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
