বার্ড ফ্লু ঠেকাতে দাউদকান্দিতে তল্লাশি চৌকি
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যাতে চট্টগ্রাম বিভাগে ছড়াতে না পারে সেই লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে দাউদকান্দির টোল প্লাজায় তল্লাশি চৌকি (চেক পোস্ট) বসানো হয়েছে।
আক্রান্ত এলাকা থেকে যাতে পূর্বাঞ্চলে মুরগি ও বাচ্চা আসতে না পারে সেজন্য দাউদকান্দির পুলিশ, পশু সম্পদ বিভাগের লোকজন এবং খামার মালিকদের সমন্বয়ে গঠিত একটি দল পালাক্রমে ২৪ ঘন্টা পাহারা দিচ্ছেন।
দাউদকান্দির পশু সম্পদ উপজেলা কর্মকর্তা আবদুস সামাদ জানান, চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। যাতে এটা ছড়াতে না পারে সেজন্য বাড়তি নিরাপত্তার বিষয়টি খেয়াল রেখেই তল্লাশি চৌকি বসানো হয়েছে।
