আগামী বাজেটে কর বাড়বে: অর্থ উপদেষ্টা
আগামী বাজেটে কর বাড়ানো হবে। রাজস্ব আয় বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। মঙ্গলবার খুলনায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
একই দিন সকালে খুলনার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা।
বেলা আড়াইটায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি বলেন, রাজস্ব আয় বাড়াতে কর বাড়ানোর বিকল্প নেই। করের আওতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ, পানি ও টেলিফোনের বকেয়া বিল আদায়ের মতো রাজস্ব বহির্ভূত আয়ও বাড়াতে হবে।
উপদেষ্টা বলেন, আগামী বাজেটে মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হবে। এ জন্য শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে। এছাড়া দারিদ্র্য বিমোচনের মধ্যদিয়ে মানব সম্পদ উন্নয়নের বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তৈয়েবুর রহমান, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার গাজী সালাহউদ্দিন, নাগরিক কমিটির সভাপতি আজাদুল হক, খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ মোহাম্মদ নাজিমুদ্দিন প্রমুখ।
সকাল ১০টায় বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, নির্বাচনকে পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত করতে নির্বাচনী আইন সংস্কার করা হচ্ছে। যেহেতু কালো টাকার উৎস হচ্ছে দুর্নীতি। তাই রাজনৈতিক প্রভাবমুক্ত দুর্নীতি দমন কমিশন গঠন করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার কবির মো. আশরাফ আলম। উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান, অর্থ সচিব ড. মো. তারেক, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ প্রমুখ।
