নওগাঁয় হত্যা মামলার রায়ে ১০ জনের যাবজ্জীবন
নওগাঁর রাণীনগর উপজেলার আলোচিত গুলজার হোসেন হত্যা মামলার রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু আহমদ জমাদার মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাণীনগর উপজেলার ধনপাড়া গ্রাসের কায়েম উদ্দিনের দুই ছেলে জামাল উদ্দিন ও আমান উদ্দিন, একই গ্রামের ফয়েজ উদ্দিনের দুই ছেলে ফরহাদ ও ফেরদৌস, পাটনীর ছেলে কালু, খয়ের আলীর ছেলে হিরো, খোকা সরদারের ছেলে সাজেদুল, বাহার আলীর ছেলে সোহরাব, চরকা নাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে বায়েজিদ ও আব্বাস আলীর ছেলে মকলেছ।
মামলা সূত্রে জানা যায়, আসামীরা শ্যালো মেশিন চুরির অভিযোগে ১৯৯৬ সালের ৪ নভেম্বর আত্রাই উপজেলার বান্দাই খারা গ্রামের আবদুস শুকুরের ছেলে গুলজার হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে নিহত গুলজার হোসেনের ভাই নজিবর রহমান বাদী হয়ে রাণীনগর থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
