২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাবেক সাংসদ, বিএনপি ও আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

যৌথবাহিনী মঙ্গলবার ভোরে পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাবনা ও ঈশ্বরদী থেকে সাবেক সাংসদ, বিএনপি এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও পৌরসভার চেয়ারম্যানসহ সাত শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 02:49 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এ ছাড়া আরও পাঁচ নেতাকে ৭২ ঘন্টার মধ্যে হাজির হয়ে তাদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে।

যৌথ বাহিনী পাবনা জোনের কমান্ডার মেজর জিয়া জানান, মঙ্গলবার ভোরে গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও পাবনা জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সরদার, পাবনা পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার চেয়ারম্যান ও পাবনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকলেছুর রহমান ওরফে ন্যাড়া বাবলু, পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, হেমায়েতপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মালিথা, পাকশি পেপার মিলের সিবিএ নেতা ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মুহম্মদ রশিদউল্লাহ ও পাবনা সোনালী ব্যাংকের সিবিএ নেতা আবু ইসাহাক বাপ্পীকে গ্রেপ্তার করেছে। এদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, যৌথ বাহিনী গ্রেপ্তারকৃত সাত জনসহ জেলার ১২ নেতার সম্পত্তির হিসাব চেয়ে তাদের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়েছে। অন্য যে পাঁচ জনের হিসাব চেয়েছে তারা হলো জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শামসুর রহমান শরিফ ডিলু, আওয়ামী লীগ নেতা ও ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু, বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল মান্নান টিপু ও ঈশ্বরদী ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া পিন্টু। ৭২ ঘন্টার মধ্যে তাদের সম্পদের হিসাব দিতে নির্দেশ দিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।