পুলিশ সপ্তাহ-২০০৭ শুরু
তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই প্রথমবারের মতো পুলিশ সপ্তাহ-২০০৭ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। রাজধানীর রাজারবাগ পুলিশ ময়দানে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। সালাম গ্রহণের পর প্রধান উপদেষ্টা বীরত্বপূর্ণ কাজের জন্য ২৮ জন পুলিশ সদস্যের মধ্যে পদক বিতরণ করেন। তালিকায় ১৮ জন পুলিশ সদস্য ও ১০ জন্য র্যাব সদস্য রয়েছেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, “বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ তাদের শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে সুনাম অর্জন করছে। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশের।”
প্রধান উপদেষ্টা বলেছেন,“মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাবে, জনগণের এটাই প্রত্যাশা।”
আইজি নূর মোহাম্মদ বলেছেন,“দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও পরিবর্তনশীল আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশে পুলিশের কাজ দিন দিন জটিল হচ্ছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও পুলিশ সদস্যরা পরম নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবার মান ও দক্ষতা জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নীত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রয়োজন পুলিশের প্রতিটি সদস্যের মানসিকতার পরিবর্তন।”
কৃতিত্বপূর্ণ কাজের জন্য যেসব পদক দেওয়া হয়েছে সেগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, বিপিএম সেবা এবং পিপিএম সেবা। বাংলাদেশ পুলিশ পদকে এককালীন ১০ হাজার টাকা ও আজীবন প্রতিমাসে ২০০ টাকা করে এবং রাষ্ট্রপতির পুলিশ পদকে এককালীন পাঁচ হাজার টাকা ও আজীবন প্রতিমাসে ১০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।
