চাঁদাবাজির অভিযোগে সিলেটে প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিক গ্রেপ্তার
চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে র্যাব সদস্যরা শনিবার রাতে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সিলেট প্রতিদিনের সম্পাদক আহম্মেদ নূরকে গ্রেপ্তার করেছে।
প্রায় একই সময় গ্রেপ্তার করা হয় দৈনিক আজকের কাগজের সিলেট ব্যুরো প্রধান এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক অপূর্ব শর্মাকে। ওই দিন সকালে গ্রেপ্তার হন দৈনিক খবরের সিলেট ব্যুরো প্রধান সজল দাস।
এছাড়া দৈনিক জনকন্ঠের সিলেট ব্যুরো প্রধান সালাম মশরুরকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
আহম্মেদ নূর ও অপূর্ব শর্মার বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে র্যাব দাবি করেছে।
র্যাব কর্মকর্তারা জানান, র্যাব-৯ এর একটি দল শনিবার রাত পৌনে ১০ টায় সিলেট প্রতিদিন কার্যালয় থেকে আহম্মেদ নূরকে এবং রাত সাড়ে নয়টায় দৈনিক যুগভেরী কার্যালয় থেকে অপূর্ব শর্মাকে গ্রেপ্তার করে। তাদের নগরীর ইসলামপুরে র্যাব-৯ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা থেকে শনিবার রাত ১২টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল (রোববার) তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর নূর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংবাদিক গ্রেপ্তারের কথা আমরা শুনেছি। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনও কিছু জানানো হয়নি।
সজল দাসের বিষয়ে র্যাব দাবি করেছে, ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ক্যাপ্টেন আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাথর ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বন্দরবাজারে দৈনিক খবর এর সিলেট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
