২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে বিপদ: মাহফুজ আনাম

দেশের রাজনৈতিক অবকাঠামোর ধরন নিয়ে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। রাষ্ট্রপতির উপস্থিতিতে একজন চাকরিরত সেনাপ্রধানের এ ধরনের বক্তব্য রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সরকার প্রধান দেশে না থাকা অবস্থায় ভবিষ্যত সরকারের গঠন-ধরন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য দেওয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন। শুক্রবার নিজের কাগজে প্রথম পাতায় ছাপানো এক মন্তব্যে সম্পাদক আনাম বলেন, সেনা প্রধানের বক্তব্য বর্তমান অর্ন্তবর্তী সরকারের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দিতে পারে। মাহফুজ আনামের মন্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জন্য হুবহু বাংলায় অনুবাদ করে দেওয়া হল...

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 11:55 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সেনাপ্রধান মইন উ আহমেদ যখন জনসমক্ষে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন, তখন এ ব্যাপারে বিতর্কের সৃষ্টি হলে তা শুনতে তাকে প্রস্তুত থাকতে হবে। কেউ যদি তার বক্তব্যের সমালোচনা করেন তাও তাকে শুনতে হবে।

শুরুতেই বলতে হবে, রাষ্ট্র প্রধানের উপস্থিতিতে এবং জনসমক্ষে দায়িত্বরত একজন সেনাপ্রধানের কি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত হয়েছে? এ ধরনের বক্তব্যের কারণে স্বভাবতই প্রশ্ন উঠবে সেনা প্রধান কিংবা তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান কি দেশের রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়ার পরিকল্পনা করছে?

আর তিনি যখন ভবিষ্যৎ সরকারের কাঠামো কী হতে পারে তা নিয়ে কথা বলেন, রাষ্ট্র প্রধান, সরকার প্রধান এবং মন্ত্রিসভার ক্ষমতার ভারসাম্য কেমন হতে পারে তা নিয়ে মন্তব্য করে বসেন তখন মানুষের মনে প্রশ্ন আরও পোক্ত হয়।

জেনারেলের বক্তব্যকে তাহলে আমরা কীভাবে দেখব? এটা কি শুধুই বুদ্ধিবৃত্তিক চর্চ্চা? নাকি জনগণের প্রতিক্রিয়া অনুধাবনের চেষ্টায় উদ্দেশ্য প্রণোদিত ভাবনার বহিঃপ্রকাশ? যে কোনো দিক থেকে চিন্তা করলেই এ নিয়ে ব্যাপক কথাবার্তা হবে। প্রকাশ্য বিতর্কের জন্ম দেবে। কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তিনি নিজেই ছুড়ে দিয়েছেন।

আমরা মনে করি, এ সময়ে এসে সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দেশের ভবিষ্যৎ চলার পথ, এর রাজনীতি, সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।

এ তত্ত্বাবধায়ক সরকারটি সশস্ত্র বাহিনী সমর্থিত। কিন্তু এসব কথা যখন সেনাপ্রধানের মুখ থেকে আসছে তখন প্রশ্ন জাগছে, সরকার যারা চালাচ্ছেন তাদের সঙ্গে সরকারের নেপথ্য শক্তির মধ্যে মতভিন্নতা সৃষ্টি হয়েছে কিনা। সরকার প্রধান যখন দেশের বাইরে দেশের প্রতিনিধিত্ব করতে গেছেন ঠিক সে সময়ে এ ধরনের বক্তব্য দেওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

কল্পনা করে দেখুন, সরকার প্রধানের অনুপস্থিতিতে দেশের ভবিষ্যৎ সরকারের কাঠামো নিয়ে কথা হচ্ছে, বিষয়টা তার জন্য কতটা বিব্রতকর। এ পরিস্থিতিতে তার গ্রহণযোগ্যতা কতোটা খর্ব হবে ভেবে দেখুন একবার। বিশ্ব সম্প্রদায় ও গণমাধ্যম এরপর থেকে তাকে কতটা গুরুত্বের সঙ্গে নেবে সেটাও বিবেচনার বিষয়।

এ পর্যন্ত পর্দার আড়ালে থেকে সশস্ত্র বাহিনী অত্যন্ত ভালো কাজই করেছে। এখন তা বদলে গেল। সেনাপ্রধানের বক্তৃতা সারাদেশ ও সারাবিশ্বে একই সঙ্গে জানিয়ে দিল আসলে দেশ চালাচ্ছেন কারা। বিষয়টি প্রকাশ্য হয়ে যাওয়াতে দেশ ও সশস্ত্র বাহিনীর স্বার্থ কতোটা সংরক্ষিত হলো? এখন থেকে ভালো মন্দ যাই হোক সব রাজনৈতিক সিদ্ধান্তের পুরো দায় স্বয়ংক্রিয়ভাবেই সশস্ত্রবাহিনীর ঘাড়েই পড়বে। যেকোনো ধরনের সঙ্কটের দায়ও গিয়ে পড়বে তাদেরই ওপর।

এবার বলতে চাই সেনা প্রধানের ‘নিজস্ব ধরনের গণতন্ত্র নিয়ে। আমরা প্রথমেই মনে করিয়ে দিতে চাই ১৯৫৮ সালের কথা। একজন জেনারেলের রাজনীতির কথা। জেনারেল আইয়ুব খান সে সময় চেয়েছিলেন ‘জনগণের মেধা অনুযায়ী নতুন গণতন্ত্র সৃষ্টি’ করতে।

তার ইচ্ছা শেষ হয়েছিল ‘মৌলিক গণতন্ত্র দিয়ে। যার পুরোটাই জনগণ প্রত্যাখ্যান করেছিল। যদিও সময় লেগেছিল কিছুদিন।

এর অনেক পরে পাকিস্তানের জেনারেল জিয়াউল হকও গণতন্ত্রকে পুনঃসংজ্ঞায়িত করতে চেয়েছিলেন। তারটা ছিল অনেক চাতুরিপূর্ণ এবং একেবারেই ‘নতুন ধরনের’। পাকিস্তানিদের নির্বাচিত সরকার থেকে বঞ্চিত করতে জেনারেল জিয়া বলেছিলেন, “জনগণের সার্বভৌমত্ব মেনে নিয়ে যে গণতন্ত্র চলে তা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার কাছে একমাত্র আল্লাহই হচ্ছেন সার্বভৌম।”

জিয়াউল হক পাকিস্তান শাসন করেছিলেন নিজের ইচ্ছা অনুযায়ী। জনগণের সার্বভৌমত্ব যেহেতু তিনি বিশ্বাস করতেন না, তাই নিজের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছেন তিনি।

যে কোনো পাকিস্তানিকে জিজ্ঞেস করে দেখুন দেশটির কতো বড় এবং অপূরনীয় ক্ষতি জিয়াউল হক করে গেছেন।

স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর দুর্ভাগ্যজনক প্রবেশ ঘটে সেনাবাহিনীর একটি অংশের কর্মকর্তা ও সৈনিকের হাতে পরিবারসহ বঙ্গবন্ধুর ন্যক্কারজনক হত্যার মধ্য দিয়ে। এরপরই একের পর এক ঘটল কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা, জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার থেকে অব্যাহতি দিয়ে তার করা লজ্জাজনক কাণ্ড এবং সেনাবাহিনীর একাংশের হাতে তার বিয়োগান্তক মৃত্যু।

এসব কাজের কোনোটিই আমাদের সেনাবাহিনীর জন্য কৃতিত্ব বয়ে আনেনি। বরং তাদের করে তুলেছিল বিতর্কিত। রাজনীতিতে তাদের হস্তক্ষেপ সাধারণ মানুষ ঘৃণার চোখে দেখেছে।

আমরা সবাই জেনারেল এরশাদকে মনে রেখেছি তার নিজস্ব ‘গণতন্ত্রের’ জন্য। যা দুর্নীতিকে দিল সর্বগ্রাসী ধ্বংসাত্মক চরিত্র। সত্যিকার অর্থে তিনি হচ্ছেন ‘গণ দুর্নীতির জনক’। যে অভিশাপ থেকে আমরা আজও মুক্তি পাইনি।

দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমাদের নির্বাচিত নেতৃবৃন্দ দুর্নীতি দূর করার বদলে এর আরও বিস্তার ঘটান। এবং তা এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যা থেকে রক্ষা পেতে জরুরি অবস্থা জারি করতে হলো দেশে।

জেনারেল এরশাদ যে বোঝা সশস্ত্র বাহিনীর ওপর চাপিয়ে গিয়েছিলেন তা থেকে উদ্ধার পেতে তাদের লেগেছে ১৬টি বছর (১৯৯১-২০০৭)। এ থেকে পরিত্রাণ পাওয়ার কৃতিত্ব দিতে হবে তাদেরকেই।

পেশাদারিত্ব, অঙ্গীকার, শৃঙ্খলা দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রাজনীতি থেকে দূরে থেকে আমাদের সশস্ত্র বাহিনী তাদের হারানো গৌরব ফিরে পায়। এবং জনগণের হৃদয়ে স্থান করে নেয়।

প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের সহযোগিতার হাত এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় মানবিক সেবাদানের জন্য বৈদেশিক সম্প্রদায়ে তাদের মর্যাদাকে তুলে ধরার পাশাপাশি আমাদের মনেও স্থান করে নেয় তারা।

১৯৯৬ সালে রাজনৈতিক ক্ষমতা দখলের কয়েকজনের চেষ্টা নিজেরাই প্রতিহত করে সেনাবাহিনী। তাদের প্রতি জনগণের আস্থা আরও সংহত হয়।

বিশ্বের অন্যান্য জায়গা, দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের অভিজ্ঞতা কী বলছে ? স্বল্প সময়ের জন্য তাদের কিছু অর্জন থাকলেও সময় প্রলম্বিত হলে তা আর কাজ করে না।

এখানে যেমন আমরা দেখলাম, জরুরি অবস্থায় চমৎকার কিছু কাজ হলো..... যারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতেন তাদের গ্রেপ্তার করা হলো, প্রয়োজনীয় অনেক পরিবর্তন আনা গেলো, কুখ্যাত অপরাধীদের ধরা গেলো ইত্যাদি। জরুরি অবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। সামরিক বাহিনীর হস্তক্ষেপও হতে পারে না দীর্ঘস্থায়ী।

বরাবরই দেখা গেছে, রাজনৈতিক সঙ্কটে একমাত্র দীর্ঘস্থায়ী সমাধান হলো রাজনৈতিক সংস্কার এবং এর পরপরই নির্বাচিত নেতৃবৃন্দের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এছাড়া কোনো পথ নেই।

যেমন বলা যায়, গণতন্ত্রের ভুলত্রুটি শোধরানোর একমাত্র উপায় হচ্ছে আরও বেশি গণতন্ত্রের পথে যাওয়া। ভালো রাজনীতি পাওয়ার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে জনঘনিষ্ঠ রাজনৈতিক সংস্কার এবং এর দ্রুত বাস্তবায়ন। তারপর নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার পুনঃস্থাপন করা। দীর্ঘস্থায়ী সমাধানের একটাই পথ হলো এটি। এর বাইরে যা তা সবই স্বল্পস্থায়ী এবং এটি বিলম্বিত করার যে কোনো চেষ্টাই হবে বিপজ্জনক।

আমাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার হচ্ছে, আমরা এমন রাজনৈতিক সংস্কার চাই যাতে করে সত্যিকারের গণতন্ত্র চর্চ্চা করা সম্ভব হয়।

আমরা লিঙ্কনের সেই কথা, “জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার” চাই। ভয়ভীতি, কালো টাকা ও পেশীশক্তি মুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল এ ধরনের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।

এ কারণেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা এ কাজের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে। সেনাপ্রধান এ কথা ভালো করেই জানেন যে, যেকোনো সামরিক মিশনের সাফল্যের নিশ্চয়তার জন্য দরকার এর উদ্দেশ্যের প্রতি অবিচল থাকা। উদ্দেশ্যের ব্যাপ্তি বাড়লে তাতে অচেনা অনেক কিছু ঢুকে যেতে পারে এবং গোপন শত্রুরা পুরো আয়োজনটাই ব্যর্থ করে দিতে পারে।

বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থার উদ্দেশ্য অর্জন করতে এর মূল লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হতে হবে। আর তা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। যাতে করে সত্যিকারের নেতৃত্ব দেশ শাসন করতে পারে।

রাজনীতিতে শুদ্ধি অভিযানও আমাদের অন্যতম লক্ষ্য। রাজনীতিকে দুর্বৃত্ত ও দুর্নীতিমুক্ত করা। মৌলিক রাজনৈতিক সংস্কার ও নির্বাচনী সংস্কার এ জন্যই দরকার যাতে আমরা আর বংশানুক্রমিক আইন ও এককেন্দ্রিকতার চর্চ্চাকারী দলগুলোর কাছে জিম্মি না থাকি।

এসব সংস্কার কর্মসূচির ব্যাপারে অলিখিত সমঝোতা ও ঐক্য আছে। জরুরি অবস্থা এবং এর নেপথ্য শক্তি সশস্ত্রবাহিনীর এ কারণেই জনসমর্থন রয়েছে। কেননা জনগণ সংস্কার বাস্তবায়নে তাদেরকে শুভ শক্তি হিসেবে দেখছে। এ থেকে বিচ্যুতি ঘটলে কিংবা উদ্দেশ্যের ব্যাপ্তি বাড়ানো হলে বা দিক বদলানো হলে জনসমর্থন মুহূর্তেই উবে যাবে।

আমাদের উন্নততর ভবিষ্যৎ নির্মাণের পথ ধ্বংস করে দিতে পারে এরকমের কোনো কিছু। আমাদের অগ্রগতির অনেক সুযোগই আমরা নষ্ট করেছি। আরেকটি সুযোগ নষ্ট করার সামর্থ্য আমাদের নেই।

আমাদের জোরালো মনোভাব হচ্ছে আমাদের সশস্ত্রবাহিনীর রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়া উচিত নয়। তাদের মিশনের পেছনে জনসমর্থন আছে। তারা সে মিশন শেষ করে ব্যারাকে ফিরে যাবেন। এতে তাদের নৈতিকতা সমৃদ্ধ হবে এবং তাদের প্রতি জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা আরও জোরদার হবে। যেকোনো দেশপ্রেমিক সেনাবহিনীর জন্য এটা সর্বোচ্চ একটা উপহার। আমাদের সেনাবাহিনী সে ধরনের একটি বাহিনী বলেই মনে করি আমরা।

অতীতে আমাদের সমালোচনামূলক মতামত রাজনৈতিক দলগুলো এবং তাদের সহচররা বিরূপ মনোভাব নিয়ে দেখেছে। তাদের সহযোগিতা করতে আমরা যে যুক্তি তুলে ধরতাম তারা ভাবতো তাদের ক্ষতি এমনকি ধ্বংস করার জন্য সেসব করা হতো। আবার যা বলতাম তা যাচাই না করেই হয়রানি করা হতো আমাদের।

আমাদের সশস্ত্র বাহিনীর বিশেষ করে তাদের নেতৃত্বের চূড়ান্ত পেশাদারিত্ব, উচ্চ শিক্ষা ও বিশ্বে পরিচিতি আশাকরি সহযোগিতার একান্ত এই চেষ্টাকে সেভাবেই দেখবে।