২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরেন্দ্র জাদুঘরের প্রত্নসামগ্রী ফ্রান্সে পাঠানোর বিরুদ্ধে মামলা

রাজশাহী বরেন্দ্র জাদুঘরের ২৪টি দুর্লভ প্রত্নসামগ্রী ফ্রান্সে প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্তের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আলতাফ হোসেন ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক মোহাম্মদ জাকারিয়াকে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 11:49 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বুধবার রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট ইয়াহিয়া রাজশাহীর সদর সহকারী সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আরজিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালনাধীন বরেন্দ্র জাদুঘরে বহু মূল্যবান এবং দুর্লভ প্রত্নসামগ্রী আছে যা এই উপমহাদেশের আর কোথাও নেই। এ প্রত্নসামগ্রী ফ্রান্সে প্রায় ৪ মাস ধরে প্রদর্শনের কথা বলা হচ্ছে।

ফ্রান্সে পাঠানো এবং ফেরত আনার সময় ধরে প্রায় ৮ মাস প্রত্নসামগ্রীগুলো জাদুঘরে থাকবে না। ফলে এখানে গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাছাড়া জাতীয় ঐতিহ্যের নিদর্শন অতি মূল্যবান এসব প্রত্নসামগ্রী কোনভাবে যাতে হারানো না যায় বা নষ্ট না হয় সেজন্য কয়েক মাস ধরে রাজশাহীবাসী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা এগুলো ফ্রান্সে না পাঠানোর জন্য দাবি জানিয়ে আসছে। তারপরেও এই প্রত্নসামগ্রী ফ্রান্সে পাঠানোর সিদ্ধান্ত বাতিল হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে এর আগে একটি উকিল নোটিশ দেওয়া হয়। এর যথাযথ জবাব না পাওয়ায় বাদী মামলাটি দায়ের করেছেন বলে জানান।