ভারতীয় রুপীসহ এক লাখ টাকারও বেশি দামের জাল নোট উদ্ধার
ভারতীয় রুপীসহ একলাখেরও বেশি টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এসময় আট ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব-৫ এর ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা জানান, র্যাবের গোয়েন্দারা মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ঢাকা নগরীর কাঁটাবন ও মীরপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৯ হাজার দুইশ ভারতীয় রুপী, ৫০ হাজার টাকার জাল নোট, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, ২০টি সিডিসহ বিপুল পরিমান জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
এসময় ঢাকা বনশ্রীর মো. সেলিম, পশ্চিম কাজিপাড়ার শফিউল্লাহ সরকার, গুলশান মধ্যপাড়ার সাইফুল ইসলাম, টাঙ্গাইলের আব্দুর রশিদ, কেরানীগঞ্জের কামাল হাসান ও সিরাজগঞ্জের বাবর আলী সরকারকে আটক করা হয়।
এর আগে গত ১ এপ্রিল রাতে রাজশাহীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ও মাসুদ নামের দুই ব্যক্তিকে আটক করে র্যাব সদস্যরা। ওই সময় তাদের কাছ থেকেও জাল নোট উদ্ধার করা হয়।
আমিনুল ও মাসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্যদের আটক করে র্যাব।
ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন স্থানে জাল টাকা তৈরির কারখানারও সন্ধান পাওয়া গেছে।
