আগামি মাসে ৩২০ নির্বাচনী কর্মকর্তার যোগ্যতা পরীক্ষা
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তার যোগ্যতার পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক জিয়াউল হক মামুন নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে একথা জানান।
এর আগে কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি এপ্রিল মাসেই ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎ শেষে অধ্যাপক জিয়াউল হক মামুন সাংবাদিকদের বলেন, “পরে নির্বাচন কমিশনের সঙ্গে বসে পরীক্ষার তারিখ ঠিক করা হবে।”
এসময় অপর দুই কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন এবং সচিব মুহম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) প্রতিষ্ঠান তাদের প্রশ্নপত্র এবং পরীক্ষা নেওয়ার আয়োজন করছে বলে জানান অধ্যাপক জিয়াউল হক মামুন।
